রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় শিশুসহ দুই জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনও আরেক শিশুসহ দুই জন নিখোঁজ রয়েছে।
সোমবার (১ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে হুজুর ঘাটে চার যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান জানান, উদ্ধার অভিযানে পাওয়া মরদেহ দুটি হলো রেখা (২৯) ও সানজিদার (৮)। নিখোঁজ দুই যাত্রী হলেন শীতল (২৭) ও শফিকুল (৭)।
তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।